চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রধান ফটকে তালা ঝুলিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১৭ মে ২০২৩

মানহীন খাবারের মূল্যবৃদ্ধি, ইচ্ছামতো ভাড়া আদায়, ভর্তিচ্ছুদের ভোগান্তি, হলের অস্বাস্থ্যকর পরিবেশসহ বেশকিছু কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৭ মে) রাত পৌনে ৯টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। পরে বিক্ষোভ শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৬ মে থেকে বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষার শুরু থেকেই মানহীন খাবারের ইচ্ছামতো দাম রাখছেন দোকানিরা। বাস ও রিকশা ভাড়া বেড়ে গেছে কয়েকগুণ। ২০ টাকার ভাড়া ক্ষেত্রবিশেষে রাখা হচ্ছে ৬০-৭০ টাকা। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। এর প্রতিবাদে রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শাখা ছাত্রলীগের একাংশ।

আন্দোলনকারীরা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর কর্মী এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

আন্দোলকারী ছাত্রলীগকর্মী সৌরভ ভূইয়া জাগো নিউজকে বলেন, ‌‘ভর্তি পরীক্ষার প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সিন্ডিকেট করে কয়েকগুণ ভাড়া আদায় করছে বাস, অটোরিকশার চালকরা। এ বিষয়ে বারবার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও প্রশাসনের অবস্থান শূন্য। এর প্রতিবাদে আমাদের অবস্থান কর্মসূচি।’

শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক সিবলু চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা দিতে আসছেন। কিন্তু প্রশাসনের কোনো তদারকি নেই। হলে বিদ্যুৎ ও পানি থাকে না। হাজার হাজার ভর্তিচ্ছুর কষ্ট দেখেও দেখার কেউ নেই। এভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলতে পারে না। আমাদের দাবি, সবগুলো অব্যবস্থাপনা ও অনিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে।’

আহমেদ জুনাইদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।