কক্সবাজারে তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৪ জুন ২০১৬

কক্সবাজার সদরের ঈদগাঁও বঙ্খিম বাজারে এক খোলা তেল বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। মরহুম আনু মিয়া সিকদারের মালিকানাধীন ফিলিং স্টেশনের সাব সেন্টার হিসেবে এ তেল-গ্যাসের দোকান চালানো হতো বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ছুরত আলম, আবদুর রহমান ও উলা মিয়া জানান, ঘটনার দুয়েক মিনিট পূর্বে বিদ্যুৎ চলে যায়। ওই প্রতিষ্ঠানে কর্মরত গিয়াস ও জসিম মোমবাতি জ্বালানোর চেষ্টা করছিলেন। এসময় মোম থেকে অকস্মাৎ তেলের ড্রামে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা প্রায় ৪০ ফুট পর্যন্ত উপরে ওঠে। গ্যাস সিলিন্ডার, অকটেন ও পেট্রলের ড্রামগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। অগ্নিকাণ্ড চলাকালে পথচারী ও স্থানীয়রা প্রাণভয়ে ছুটাছুটি করতে থাকেন।

কক্সবাজার ও চকোরিয়া থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে দোকানটিতে অগ্নিনির্বাণের কোনো ব্যবস্থা ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে।

নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, দোকানটিতে অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকার পাশাপাশি এভাবে খোলা তেল বিক্রির বৈধ অনুমতিও ছিল না। ঘটনার সময় অল্পের জন্য পার্শ্ববর্তী কয়েকশ দোকান রক্ষা পায়।

এ ব্যাপারে জানতে দোকান মালিক হুমায়ূন কবির সিকদারের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।