কক্সবাজারে ১০০ বস্তা ফরমালিনযুক্ত পেঁয়াজ জব্দ


প্রকাশিত: ১২:১২ পিএম, ১৬ জুন ২০১৬

কক্সবাজারে ফরমালিনযুক্ত ১০০ বস্তা পেঁয়াজ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বাজারঘাটা এলাকা থেকে এগুলো জব্দ করে।

ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল জানান, ভারত থেকে আনা এসব পেঁয়াজে ফরমালিনযুক্ত কেমিক্যাল মেশানো আছে। পেঁয়াজ যেন দ্রুত পচে না যায় সেজন্য লাল রঙের ক্ষতিকর ওই রাসায়নিক মেশানো হয়। পর্যায়ক্রমে অন্যান্য বাজারেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

দোকানের মালিক আবু তাহের জানান, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ কিনে তিনি খুচরা বিক্রি করছেন। ফরমালিনযুক্ত কেমিক্যাল মেশানো হলে চট্টগ্রাম কিংবা অন্য কোথাও মেশানো হতে পারে। কক্সবাজার শহরসহ বিভিন্ন দোকানে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি কর্মকর্তা তরুণ বড়ুয়া বলেন, জব্দ করা ১০০ বস্তা পেঁয়াজের কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এতে আরও ক্ষতিকর কিছু পাওয়া গেলে দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা মার্কেটিং অফিসার মো. শাহজাহান আলীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত ছিলেন।

সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।