এনসিপি নেতা

শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশন ঘেরাও করা হতে পারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০২ অক্টোবর ২০২৫
এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) যদি তাদের পছন্দের প্রতীক ‌‌‘শাপলা’ না দেওয়া হয়, তাহলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। এমনকি প্রয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার মতো কর্মসূচিও দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টায় বাউফল হাসপাতাল রোডের ফরিদ উদ্দিন প্লাজায় এনসিপি বাউফল উপজেলা অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

শাহিন বলেন, এনসিপি প্রতিষ্ঠার পর থেকেই আমরা এমন একটি প্রতীক চেয়েছি, যা মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য ও শনাক্তযোগ্য হবে। তাই শাপলাকেই আমরা প্রতীক হিসেবে গ্রহণ করেছি। ইলেকশন কমিশন যদি রাজনৈতিক প্রভাবে আমাদের শাপলা প্রতীক না দেয় বা পক্ষপাতিত্ব করে, তাহলে আমরা শান্তিপূর্ণ কিন্তু কঠোর আন্দোলনে যাবো। প্রয়োজন হলে ইলেকশন কমিশন ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করবো।

তিনি অভিযোগ করেন, শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। কিছু ক্ষেত্রে পক্ষপাত দেখা যাচ্ছে। তিনি এটিকে আইন ও ন্যায়ের পরিপন্থি এবং জনগণের কাছে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাসহ অন্য জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।