কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কক্সবাজার শহরের কলাতলীর সৈকতপাড়া ও সুগন্ধা পয়েন্ট এলাকায় প্রায় ২০টি অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযান পরিচালনাকারী কক্সবাজার সদর ভূমি কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, কলাতলীর সৈকতপাড়ায় সরকারি পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি তৈরি করা হয়। এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়ে নির্মিত ১০টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়। একই সঙ্গে কলাতলীর সুগন্ধা পয়েন্টে সড়ক দখল করে আরো ১০টি নির্মাণাধীন দোকান উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদের এই অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম জানান, সৈকতপাড়ায় সরকারি পাহাড় কেটে অবৈধ বসতি তৈরির অভিযোগে অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। মামলা তোয়াক্কা না করে সেখানে ভূমিদস্যুরা আবারো স্থাপনা নির্মাণ করছে। এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর