আশুলিয়ায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০২:৪৬ এএম, ২৩ জুন ২০১৬

আশুলিয়ায় সুমন শিকদার (৩০) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার জামগড়া কাঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন শিকদার আশুলিয়ার জামগড়া কাঠালতলা এলাকার আফতাব আলী শিকদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত সুমন রাতে প্রকৃতির ডাকে সারা দিতে বাসার বাহিরে বের হলে অজ্ঞাত ২ যুবক তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এসময় সুমনের চিৎকারে বাসার অন্যান্য সদস্যরা এগিয়ে এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ খবর পেয়ে নিহতদের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠায়।

সুমন শিকদার জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস পোশাক কারখানার শ্রমিক ছিলেন বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এছাড়া এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আল-মামুন/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।