গাজীপুরে বাসে আগুন
গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে শুক্রবার সকালে গাজীপুর-ঢাকা রুটে চলাচলকারী ভিআইপি পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
বাসের যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরে তা আসনগুলোতে ছড়িয়ে পড়ে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, শুক্রবার সকাল ৮টার দিকে বড়বাড়ি এলাকায় ঢাকা থেকে গাজীপুরগামী বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
তিনি আরো জানান, গাড়ির যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
আমিনুল ইসলাম/এফএ/পিআর