টঙ্গীতে ছুরিকাঘাতে ভিক্ষুক খুন


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৫ জুন ২০১৬

গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক মাদকাসক্ত ও মানসিক বিকারগ্রস্থ যুবকের ছুরিকাঘাতে ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টঙ্গীর স্টেশনরোড এলাকায় ফুট ওভারব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ যুবক বিল্লাল হোসেনকে (৩০) আটক করেছে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি টঙ্গী ও আশপাশ এলাকায় ভিক্ষা করতেন। আটক বিল্লাল হোসেন নরসিংদীর রায়পুরা থানা এলাকার বকরনগর গ্রামের আবুল কাশেমের ছেলে। আগে সে টঙ্গীর মিলবাজার নামাপাড়া বস্তিতে থেকে সেলুনে নরসুন্দরের কাজ করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশন রোড এলাকার ফুট ওভারব্রিজে বিল্লাল হোসেন ওই ভিক্ষুককে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ ছোরাসহ তাকে ধরে টঙ্গী থানা পুলিশে সোপর্দ করে।

টঙ্গী থানা পুলিশের এসআই বেলাল হোসেন জানান, রক্তমাখা ছোরাসহ তাকে আটক করা হয়েছে। সে মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্থ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।