নুরুল হক নুর ও হাসান মামুন সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন এবং বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের দুটি পৃথক মিছিল বিপরীত দিক থেকে এসে মুখোমুখি হয়। এ সময় মিছিল অতিক্রমকালে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয় পক্ষের মারুফ, অজিত, ওয়াজিব, টিটু, বায়েজিদসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ঘোড়া প্রতীকের সমর্থক মারুফ গাজী (২৪), ওয়াজিব হাওলাদার (২৪) ও জায়েদকে (২২) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দুই প্রার্থীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/জেআইএম