নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর গণমিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের শাপলা কলি প্রতীকের পক্ষে নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ফতুল্লার ভূইগড় এলাকা থেকে শুরু করে জালকুড়ি বাসস্ট্যান্ড, দেলপাড়া, নয়ামাটি, পাগলা বাজার, আলীগঞ্জ, ফতুল্লা বাজার ও পঞ্চবটি গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেই সঙ্গে মিছিলটি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণের দ্বারা পরিপূর্ণ ছিল।
এসময় আব্দুল্লাহ আল আমিন বলেন, বর্তমানে সারাদেশেই পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে। সারাদেশের মতো আমরাও নারায়ণগঞ্জ-৪ আসনে পরিবর্তনের বার্তা দিতে চাই। সেই বার্তায় জনগণ আমাদের সাড়া দিচ্ছে। আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি মানুষ পরিবর্তনের যাত্রায় শামিল হবেন। মানুষের মধ্যে ভোট দেওয়ার ব্যাপক আগ্রহ রয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির আবদুল জব্বার বলেন, আমরা নারায়ণগঞ্জ-৪ আসনে শাপলা কলিকে সমর্থন দিয়েছে। শাপলা কলি প্রতীকের প্রার্থী আল আমিন নারায়ণগঞ্জ-৪ আসনের মানুষের মুক্তির জন্য এগিয়ে যাবে। আমরা মনে করি ১২ তারিখ নারায়ণগঞ্জ-৪ আসন এলাকার মানুষ তাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হিসেবে আল আমিনকে বেছে নেবে।
মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/এএসএম