খুলনার ৫৮৫ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৮:৪২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

খুলনা জেলার ছয়টি আসনের ৮৪০টি কেন্দ্রের মধ্যে ৫৮৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। উপজেলা নির্বাচন অফিসার, পুরাতন তালিকা বিশ্লেষণ, ভোটকেন্দ্রের দূরত্ব এবং নির্বাচনি আসনের পরিস্থিতি বিবেচনায় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোকে অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে আমলে নিয়েছে খুলনা জেলা নির্বাচন অফিস।

তবে ভোটের দিনে ৩০০ কেন্দ্রের পুলিশের সঙ্গে থাকবে বডি ক্যামেরা, সব কেন্দ্র সিসি ক্যামেরায় আওয়াতাভুক্ত থাকবে, ১২০০ আর্মি স্টাফ এবং নৌবাহিনী-কোস্টগার্ডের একাধিক ইউনিট মাঠে থাকবে।

তথ্য সূত্রে দেখা যায়, খুলনা-১ আসনের ১১৯টির মধ্যে ৮০টি, খুলনা-২ আসনে ১৫৭টির মধ্যে ১১৩টি, খুলনা-৩ আসনে ১১৫টির মধ্যে ৭৭টি, খুলনা-৪ আসনে ১৪৪টির মধ্যে ৯৬টি, খুলনা-৫ আসনে ১৫০টির মধ্যে ১১৫টি এবং খুলনা-৬ আসনের ১৫৫টির মধ্যে ১০৪টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

খুলনা জেলা জেলা প্রশাসক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার জাগো নিউজকে বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে প্রায় ৫৫৮টি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রের মধ্যে প্রায় ৩০০টি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের বডিতে থাকবে বডি ক্যামেরা। যা সরাসরি পুলিশ হেডকোয়ার্টার থেকে মনিটরিং হবে। সব আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১২০০ আর্মি স্টাফ মাঠে থাকবেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তারাও কাজ করবেন। সার্বক্ষণিক সব সিসি ক্যামেরা মনিটরিং করা হবে।

তিনি বলেন, এবার সুরক্ষা অ্যাপের মাধ্যমে অভিযোগ নেওয়া হবে। এ অ্যাপের মাধ্যমে ছবিসহ তথ্য বা অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সব মিলিয়ে আমরা নিরাপত্তা নিশ্চিত করণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সফল করতে পারবো বলে আশা করছি।

আরিফুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।