বরিশাল
দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় বিএনপির তিন নেতা আজীবন বহিষ্কার
নির্বাচনে দলীয় প্রার্থীকে বাদ দিয়ে অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বরিশালে বিএনপির তিন নেতাকে দলের সকল পদ-পদবিসহ আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) জেলার উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেনের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে কোনো রকম নির্বাচনি কাজ না করায় ও প্রতিদ্বন্দ্বী অন্য দলকে সহযোগিতা করায় বিএনপির সকল পদ ও পদবিসহ আজীবনের জন্য তিন বিএনপি নেতাকে বহিষ্কার করা হলো।
বহিষ্কৃতরা হলেন- উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. জামাল মোল্লা ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী।
উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন জানিয়েছেন, বহিষ্কারের কাগজ স্ব-স্ব ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
শাওন খান/এমএন/এএসএম