ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন নেতাকর্মীরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৌর শহরের লিচুতলা এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে ২০ থেকে ২৫ জনের মতো পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগ নেতাদের উপস্থিতি দেখা যায়। এ সময় একজনকে আওয়ামী লীগের দলীয় ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এ সময় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর ও কুরবান আলী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘১৭-১৮ মাস ধরে আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে আমাদের দলীয় কার্যালয়ে যাই। এরপর সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।’

তিনি আরও বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।’

তানভীর হাসান তানু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।