কুড়িগ্রামে সাবেক সেনাসদস্যকে চাপা দেওয়া সেই ট্রাকচালক গ্রেফতার
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে র্যাব-১৩। দুর্ঘটনার এক মাস পর লালমনিরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৩, রংপুর।
জানা গেছে, রোববার দিনগত রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘাতক ট্রাকচালক হাবিবুর রহমানকে লালমনিরহাট থেকে গ্রেফতার করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকালে মোটরসাইকেলচালক নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে কুড়িগ্রাম শহর যাওয়ার উদ্দেশে রওনা দেন। কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছালে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী পাথরবোঝাই একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন সাবেক সেনা সদস্য। পরে এ ঘটনায় নিহতের ভাই মো. এনামুল হক বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামি জানান, এ ধরনের সহিংস ও বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ।
রোকনুজ্জামান মানু/কেএইচকে/জেআইএম