পরাজিত জামায়াত প্রার্থী

যশোরে জামায়াতের বিজয় অদৃশ্য কালো শক্তি ছিনিয়ে নিয়েছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের বিজয় অদৃশ্য কালো শক্তি ছিনিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনে জামায়াতের পরাজিত প্রার্থী আব্দুল কাদের। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর শহরের ঈদগাহ মোড়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিলে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে জামায়াতের এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে অমিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

যশোরে ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুধুমাত্র সদর আসনে জামায়াত প্রার্থী পরাজিত হয়েছেন। বিএনপির প্রার্থীর কাছে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের পরাজিত হওয়ার পর এই প্রথম জনসম্মুখে ভোট নিয়ে প্রতিক্রিয়া জানালেন তিনি।

ভোট নিয়ে সমালোচনা করে জামায়াতের পরাজিত প্রার্থী আব্দুল কাদের বলেন, ‘সামনে ঈদের দিন এলেও আমাদের একটা ঈদের দিন চলে গেছে গত ১২ ফেব্রুয়ারি। সারাদেশের ন্যায় যশোরের মানুষও ঈদের মতো উৎসব আমেজ নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন কেন্দ্রে কেন্দ্রে। যশোরের মানুষ জামায়াতের মার্কাকে বিমুখ করেনি। দাঁড়িপাল্লার মার্কার বিজয় হয়েছে। কিন্তু অদৃশ্য একটি কালো শক্তি সেই বিজয়কে ছিনিয়ে নিয়েছে। যশোরবাসী এটা মনে রাখবে। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে, আমরা সকল অপকর্মের বিরুদ্ধে। আমরা সকল জুলুমের বিরুদ্ধে। আমরা ন্যায়ের পক্ষে। ফলে আগামীতে যশোরবাসী সেই শক্তিকে জবাব দিতে প্রস্তুত রয়েছে।’

যশোর শহর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা প্রমুখ।

বক্তব্য শেষে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল বের হয়। মিছিলটি ঈদগাহ মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও আত্মসংযমের আহ্বান জানান নেতাকর্মীরা।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।