‘ঘি’ নামে বিক্রি, তৈরি হতো পাম অয়েল-ডালডায়
রংপুরে নকল ঘি তৈরির সঙ্গে জড়িত মায়দুল ইসলাম নামে এক প্রতারককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের উপকণ্ঠে দামোদরপুর প্রেসিডেন্টের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
মায়দুল ইসলাম জেলার পীরগাছা উপজেলার আদম গনেশের খামার এলাকার আলী হোসেনের ছেলে। এসময় জব্দ করা হয়েছে পাঁচ মণ ঘি ও বিভিন্ন সরঞ্জাম।
রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, মায়দুল ইসলাম দামোদরপুর প্রেসিডেন্টের মোড়ে একটা ঘর ভাড়া নিয়ে গত ছয় মাস ধরে নকল ঘি তৈরির কারবার চালিয়ে আসছিলেন। দুগ্ধজাত কোনো জিনিসের অস্তিত্বই নেই। শুধু ডালডা, পাম অয়েল এবং আর্টিফিশিয়াল ফ্লেভার ব্যবহার করে উনি ঘি তৈরি করতেন। এ ঘি প্যাকেট করতেন এবং অবৈধভাবে বিএসটিআইয়ের সিল মারতেন। সিল মেরে রংপুরসহ সারদেশে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতেন। রমজান উপলক্ষ্যে এটার মার্কেটিং অনেকটা বেড়ে গিয়েছিল।
তিনি আরও বলেন, অভিযান চালিয়ে শনিবার দুপুরে তাকে আটক করা হয়। এমন পাঁচ মণ ঘি ও ঘি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।
জিতু কবীর/আরএইচ/এমএস