বাঙালি জাতি অন্যায়ের কাছে কখনও মাথানত করেনি: এমপি জামাল
ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, মাতৃভাষা বাংলার স্বীকৃতি আদায়ে ১৯৫২ সালে ছাত্রসমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য এমন আত্মত্যাগ বিরল। বাঙালি জাতি অন্যায়ের কাছে কখনও মাথানত করেনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাঁঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
রফিকুল ইসলাম জামাল বলেন, ১৯৪৮ সালে রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে যেমন প্রতিবাদ গড়ে উঠেছিল, তেমনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও জনগণ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। স্বাধীনতার ঘোষণার পর সমগ্র জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এখনও চলমান।
তিনি আরও বলেন, দেশে দীর্ঘ সময় ধরে প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ রয়েছে। প্রশাসন জনগণের সেবক হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করবে এটাই সবার প্রত্যাশা। পাশাপাশি শিক্ষাব্যবস্থার ঘাটতি পূরণ ও বেকার যুবকদের কর্মমুখী করার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্ট থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে। এজন্য কাঁঠালিয়া প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখনও অনেক মা তাদের সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন। গণতন্ত্র ও ন্যায়বিচারের স্বার্থে এসব ঘটনার সুষ্ঠু সমাধান জরুরি।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জামসের আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু সুফিয়ান, কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন নিজাম মীরবহর প্রমুখ।
মো. আমিন হোসেন/এমএন/এমএস