অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রয় করায় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাত প্রতিষ্ঠানে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নিলটুলি এলাকায় জেলা প্রশাসন, বিএসটিআই জেলা কার্যালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত ‘টাস্কফোর্স’ এ অভিযান পরিচালনা করে।

আদালত সূত্রে জানা গেছে, শহরের নিলটুলি মসজিদ বাড়ি সড়কে অবস্থিত কাচ্চি সুলতান প্রতিষ্ঠানের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সম্বলিত মোড়কবিহীন ঘি ব্যবহার এবং ফিরনি-বোরহানি বিক্রয় করায় লাখ টাকা জরিমানা করা হয়। নিলটুলী, কালি মন্দিরের পার্শ্বে পাল সুইটস প্রতিষ্ঠানে উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেখে পণ্য বিক্রয় ও বিতরণ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে দুই হাজার টাকা, হানিফ বিরানী প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার, নিউ ফুড পার্কে মেয়াদোত্তীর্ণ ব্রেড ও আইসললি পণ্য পাওয়ায় দুই হাজার, আল মদিনা বিরিয়ানী হাউজে কর্মরত ব্যক্তিদের স্বাস্থ্য সনদ পাওয়ায় পাঁচ হাজার, আল্লাহর দান প্রতিষ্ঠানে কর্মরতদের স্বাস্থ্য সনদ না থাকায় তিন হাজার ও মেসার্স সরকার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম।

তিনি বলেন,অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাত প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তন্ময় ইসলাম, দীপ্ত চক্রবর্তী প্রমুখ।

এন কে বি নয়ন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।