মোংলায় বিএনপি নেতার চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বিশ্বাসের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীসহ স্থানীয় কয়েকশ নারী-পুরুষ।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ রাজারে বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করেন বুড়িরডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী, উপজেলা যুবদল নেতা শেখ জিহাদুল ইসলাম মৃদুল, বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনি পাটোয়ারী, উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক নুর নাহার বেগম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হাবিব একজন চিহ্নিত চাঁদাবাজ। তিনি এখানকার ঘের ও জমি দখল করছেন। তেল পাম্প, হোটেল ও দোকানপাট থেকে প্রতিনিয়ত চাঁদা নিচ্ছেন। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে সভাপতির পদ থেকে বহিষ্কৃত করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনোভাবেই চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী ও মাদক বরদাশত করা হবে না। আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই।
আবু হোসাইন সুমন/এসআর/এমএস