রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার মাঝিনা সুতিরপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝিনা সুতিরপাড়া এলাকার আব্দুল রশিদের সঙ্গে একই এলাকার সিরাজুল ইসলামের ১২ শতাংশের এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিকেলে ওই জমিতে আব্দুল রশিদ গাছের চারা রোপণ করতে গেলে সিরাজুল ইসলাম তাতে বাধা দেন। এই নিয়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ রয়েছে।
আহতদের মধ্যে নাছিমা বেগম (৪০), শিরিনা আক্তার (২৫), বুলবুল মিয়া (২৫), সিরাজুল ইসলাম (৪৫), আবুল বাশার বাদশা (২৬), মাতিন মিয়া (২৫), হুমায়ুনকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আবুল বাশার বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার পৃথক অভিযোগ এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীর আব্দুল আলীম/এআরএ/পিআর