শাকিব খানকে ভারতীয় প্রযোজকের শুভেচ্ছা, আসবে কি নতুন ‘তুফান’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৮ মার্চ ২০২৬
শাকিব খানকে ভারতীয় প্রযোজকের শুভেচ্ছা, আসবে কি নতুন ‘তুফান’

১৯৯৫ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বা এসভিএফ। পূর্ব ভারতের অন্যতম শক্তিশালী চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান এটি। এর দুজন মালিক ও প্রতিষ্ঠাতাদের একজন শ্রীকান্ত মোহতা এবং অন্যজন মাহেন্দ্র সোনি। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’রও প্রতিষ্ঠাতা তারা।

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এসভিএফের মাহেন্দ্র সোনি। তিনি শাকিবকে ‘বাংলার গর্ব’ বলে অভিহিত করেছেন।

সোনি একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন শাকিব খান। বাংলাদেশের বিগেস্ট স্টার, বাংলার গর্ব। উজ্জ্বল থাকুন ভাই।’

মাহেন্দ্র সোনির পোস্ট করা সেই ছবিটি ‘তুফান’ সিনেমার সময়কার বলেই মনে করা হচ্ছে। সেখানে শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা, রায়হান রাফী, রেদওয়ান রনিদের সঙ্গে রয়েছেন তিনি নিজেও।


‘তুফান’ ছবিতে শাকিব ও অন্যরা

উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার শাকিব খান এসভিএফের প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন। ‘নাকাব’ নামের সেই ছবিতে শাকিব দ্বৈত চরিত্রে অভিনয় করেন। এরপর একই প্রতিষ্ঠানের ‘তুফান’ ছবিতে দেখা যায় দেশসেরা এই নায়ককে। রায়হান রাফী পরিচালিত ছবিটি দুই বাংলাতেই তুমুল ব্যবসা করে।

আজ ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। এই দিনে নিজের প্রযোজিত সফল সিনেমার নায়ককে শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রযোজক মাহেন্দ্র সোনি। তার এই পোস্টটি নজর কেড়েছে নেটিজেনদের। বিশেষ করে সিনেমাপ্রেমী ও শাকিবিয়ানরা মনে করছেন, শিগগিরই এসভিএফের ব্যানারে আবারও দেখা যাবে শাকিব খানকে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।