শেরপুর-৩

কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, তিন স্তরের নিরাপত্তার চাদরে পুরো এলাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৮ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে দুই উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। যথাযথ ব্রিফিং শেষে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে এসব উপকরণ হস্তান্তর করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠেয় নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব উপকরণ সরবরাহ করা হচ্ছে। দুপুর ১২টা থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা সরঞ্জাম গ্রহণ শুরু করেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁইয়া বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো জেলায় ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। প্রতিটি কেন্দ্রে ৫ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই উল্লেখ করে তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, তিন স্তরের নিরাপত্তার চাদরে পুরো এলাকা

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত মাঠে থাকবে। সব মিলিয়ে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো এলাকা। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রে, ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের ১৮ জন পর্যবেক্ষক, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনি অনুসন্ধান (ইনকোয়ারি) কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করবেন।

এছাড়া নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিম, ১৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১ হাজার ১৫০ সদস্য মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।