ঘরের লুকে আভিজাত্য আনবে গোল টেবিল
টেবিল যে কেবল ঘরের শোভা বাড়ায়, তা-ই নয়, একটি মানানসই গোল টেবিল মুহূর্তেই বদলে দিতে পারে ঘরের চেহারা। সোফা সেট যতই সুন্দর হোক না কেন, সামনে একটি উপযুক্ত টেবিল না থাকলে সাজ যেন অসম্পূর্ণই থেকে যায়। একটি টেবিলই পারে পুরো লিভিং স্পেসকে একত্রে বেঁধে রাখতে এবং একটি পরিপূর্ণ লুক দিতে। ছোট্ট এই পরিবর্তনেই তৈরি হয় নতুন এক আবহ, যার প্রভাব পড়ে মনেও। ঘরের পরিবেশ হয়ে ওঠে আরও উষ্ণ, আরামদায়ক ও প্রাণবন্ত।
সময় বদলের সঙ্গে অন্দরসজ্জার ধরনেও এসেছে বড় পরিবর্তন। একসময় যেখানে টেবিল ছিল শুধুই প্রয়োজনীয় আসবাব, এখন তা হয়ে উঠেছে ঘরের নান্দনিকতার গুরুত্বপূর্ণ অংশ।
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠছে গোল টেবিল। চারকোণা বা আয়তাকার টেবিলের বদলে গোল টেবিল বেছে নেওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে । শুধু সৌন্দর্যের জন্য নয়, এর রয়েছে বেশ কিছু বাস্তব সুবিধাও।

ছোট জায়গার জন্য পারফেক্ট সমাধান
গোল টেবিলের সবচেয়ে বড় সুবিধা হলো এর কোনো ধারালো কোণ নেই। ফলে ছোট ঘরে চলাফেরার সময় ধাক্কা লাগার ভয় কম থাকে। বিশেষ করে ঘরে ছোট শিশু থাকলে এই ধরনের টেবিল অনেক বেশি নিরাপদ। দৌড়ঝাঁপের সময় কোণায় আঘাত পাওয়ার ঝুঁকি কমে যায়।
এছাড়া ছোট জায়গায় গোল টেবিল সহজেই মানিয়ে যায়। চৌকো টেবিলের মতো জায়গা দখল করে না, ফলে ঘর অনেকটা খোলামেলা লাগে।
দেখতে আলাদা লাগবে
চারকোণা বা আয়তাকার টেবিলের তুলনায় গোল টেবিল দেখতে অনেকটাই আলাদা লাগে। এর বৃত্তাকার গঠন চোখে আরাম দেয় এবং ঘরের পরিবেশকে করে তোলে আরও মসৃণ ও ব্যালান্সড। অন্দরসজ্জায় ভিন্নতা আনতে চাইলে এই ধরনের টেবিল সহজেই নজর কাড়ে। এটি ঘরের ফোকাল পয়েন্ট হিসেবেও কাজ করতে পারে।

খাওয়া ও আড্ডায় বাড়তি সুবিধা
গোল ডাইনিং টেবিলের আরেকটি বড় সুবিধা হলো, এতে বসা প্রত্যেক ব্যক্তি প্রায় দূরত্বে থাকে। ফলে খাবার নেওয়া বা একে অপরের সঙ্গে কথা বলা অনেক সহজ হয়।
আড্ডার সময়ও সবাই একে অপরের দিকে মুখ করে বসতে পারে, যা যোগাযোগকে আরও স্বচ্ছন্দ করে তোলে। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ পছন্দ।
খাওয়ার টেবিলে আনুন আভিজাত্য
গোল ডাইনিং টেবিল ঘরের সজ্জায় অন্য মাত্রা যোগ করতে পারে। কাঠের তৈরি টেবিল ঘরে আনে এক ধরনের ক্লাসিক ও আভিজাত্যের ছোঁয়া। আবার মার্বেলের টেবিল আধুনিক ইন্টেরিয়রের সঙ্গে দারুণ মানিয়ে যায়।
এখন বাজারে এমন অনেক ডিজাইন পাওয়া যায়, যা একই সঙ্গে আধুনিক ও স্টাইলিশ। ঘরের আকার ও পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী টেবিলের সাইজ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

বসার ঘর বা শোয়ার ঘরের
শুধু ডাইনিং নয়, বসার ঘর বা শোয়ার ঘরেও গোল টেবিল হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সোফার সামনে বা এক পাশে মাঝারি আকারের একটি শৌখিন গোল টেবিল রাখলে পুরো ঘরের লুকই বদলে যেতে পারে।
দুই-তলা পাথরের টেবিল, থামের ওপর গোল টপের ডিজাইন টেবিল এখন সহজেই পাওয়া যায়। এগুলো শুধু ব্যবহারিক নয়, বরং ডেকোরেটিভ হিসেবেও দারুণ মানানসই।
কফি টেবিলে স্টাইলের ছোঁয়া
কফি টেবিল হিসেবেও গোল টেবিল বেশ জনপ্রিয়। নিচু সোফার সঙ্গে নিচু গোল টেবিল খুব ভালো মানিয়ে যায়। কাঠ, ধাতু বা রড আয়রনের ডিজাইন করা টেবিল বেছে নিতে পারেন নিজের পছন্দ অনুযায়ী।
দ্বিস্তরীয় গোল টেবিলও এখন বেশ ট্রেন্ডে, যেখানে উপরের অংশে সাজসজ্জা এবং নিচে প্রয়োজনীয় জিনিস রাখা যায়। এতে ব্যবহারিক সুবিধাও বাড়ে, আবার স্টাইলও বজায় থাকে।
অন্দরসজ্জায় ছোট একটি পরিবর্তনই ঘরের পুরো লুক বদলে দিতে পারে। গোল টেবিল ঠিক তেমনই একটি উপাদান, যা একই সঙ্গে সৌন্দর্য ও সুবিধা পাওয়া যায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ম্যাজিক ব্রিকস
- আরও পড়ুন
ভুল পদ্ধতিতে সিলিং ফ্যান পরিষ্কার করছেন না তো, জেনে নিন সঠিক উপায়
গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ উপায়
এসএকেওয়াই