পাম্পে তেল নিতে লাইনে খেলনা মোটরসাইকেল!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১০ এপ্রিল ২০২৬
তেল নেওয়ার লাইনে অন্য মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত শিশুদের একটি খেলনা মোটরসাইকেল দেখা যায়/ছবি-জাগো নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেল সংকটকে ঘিরে মোটরসাইকেলের দীর্ঘ লাইনে দেখা গেছে ভিন্ন এক চিত্র। তেল নিতে মোটরসাইকেলের দীর্ঘ সারিতে রাখা হয় খেলনা মোটরসাইকেল। বিষয়টি নিয়ে হাস্যরস তৈরি হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ফুলবাড়ী বাজারের স্বপন ট্রেডার্সের সামনে অন্য মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত শিশুদের একটি খেলনা মোটরসাইকেল দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) স্বপন ট্রেডার্স পাম্পে তেল সরবরাহ করা হবে—এমন খবর ছড়িয়ে পড়ায় শুক্রবার সকাল থেকেই ওই পাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা দেয়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে সারি আরও দীর্ঘ হতে থাকে। এর মধ্যেই জুমার নামাজের পর নুর ইসলাম নামের এক ব্যক্তি লাইনে একটি খেলনা মোটরসাইকেল রেখে চলে যান। বিষয়টি মুহূর্তেই আশপাশের মানুষের নজরে আসে এবং কৌতূহলের জন্ম দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ লাইনে নিজের অবস্থান ধরে রাখতে এমন কৌশল অবলম্বন করেছেন ওই ব্যক্তি। পরে তেল নেওয়ার সময় খেলনা মোটরসাইকেলের জায়গায় নিজের আসল মোটরসাইকেল এনে তেল নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

এ বিষয়ে জানতে চাইলে নুর ইসলাম বলেন, ‘আইন সবার জন্য সমান। তাই সিরিয়াল মেনে তেল নেওয়ার জন্যই আপাতত খেলনা মোটরসাইকেলটি রেখেছি। পরে আমার আসল মোটরসাইকেল এনে তেল নেবো।’

এ বিষয়ে স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহাদৎ হোসেন স্বপন কোনো মন্তব্য করতে রাজি হননি।

রোকনুজ্জামান মানু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।