বেশি দামে এলপি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে চাঁদপুর শহরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের ওয়্যারলেস ফিশারি গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ‘দাদন স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করছিল। এছাড়া বৈধ লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ সিলিন্ডার গ্যাস মজুত রাখা এবং দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়টিও ধরা পড়ে। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। বিশেষ করে এলপিজির মতো গুরুত্বপূর্ণ জ্বালানি পণ্যে অতিরিক্ত দাম আদায় সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।