এমপিকে বর্ষবরণ অনুষ্ঠানে যেতে বিএনপির বাধা-হাতাহাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৫ এপ্রিল ২০২৬

ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভায় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ প্রধান অতিথি হিসেবে যাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনার পর সংবাদ সম্মেলন করেন মুফতি মুহাম্মদুল্লাহ।

এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। মিছিলটি তারাকান্দা দক্ষিণ বাজার থেকে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

স্থানীয় সূত্র জানায়, নববর্ষ উপলক্ষে তারাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তন ও হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। এতে যোগ দিতে সেখানে যান সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানস্থলে প্রবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ বলেন, উপজেলা প্রশাসনের আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে তাকে (মুহাম্মদুল্লাহ) প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেয় উপজেলা প্রশাসন। সকালে সে অনুযায়ী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবেশের আগ মুহূর্তে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার তার দলীয় নেতাকর্মীদের নিয়ে অতর্কিত হামলা চালান ও মুহাম্মদুল্লাহর নেতাকর্মীদের মারধর করা হয়।

এমপিকে বর্ষবরণ অনুষ্ঠানে যেতে বিএনপির বাধা-হাতাহাতি

সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ দাবি করেন, অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় তার সমর্থকদের বাধা দেওয়া হয়। তিনি মোতাহার হোসেন তালুকদারের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তিনি বলেন, মোতাহার হোসেন তালুকদার তার শিষ্টাচার নষ্ট করবেন, তিনি তার বিকৃত রূপ দেখাবেন, এটি আমি কল্পনাও করতে পারিনি। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শোভাযাত্রা করে অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় সংসদ সদস্যের সঙ্গে তার দেখা হয়। এসময় সামান্য কথা কাটাকাটির ঘটনা ঘটলেও তিনি গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তার দাবি, বড় ধরনের কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, অনুষ্ঠানস্থলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রবেশকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে পরিস্থিতি শান্ত করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য ধাক্কাধাক্কি হয়েছিল। পরে প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করে অনুষ্ঠান শুরু করা হয়। সংসদ সদস্য অনুষ্ঠান উদ্বোধন শেষে অন্যত্র চলে যান।

কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।