‘তিনি বড় পীরের খাদেম, ফুঁ দিয়ে টাকা দ্বিগুণ করেন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:১২ এএম, ২৭ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘ফুঁ দিয়ে টাকা দ্বিগুণ করা’ প্রতারক চক্রের এক সদস্য হাবিব মিয়াকে (৩০) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার শমশেরনগর বাজারে এ ঘটনা ঘটে।

আটক হাবিব মিয়া কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা এলাকার মৃত আছকির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শমশেরনগর বাজারে সোনালী ব্যাংক থেকে জরিনা বেগম নামে এক নারী ২৯ হাজার ৯০০ টাকা তোলেন। ব্যাংক থেকে নিচে নামার পর তিনি প্রতারণার শিকার হন।

জরিনা বেগম জানান, তিনি ব্যাংক থেকে বের হওয়ার পরপরই দুইজন অপরিচিত ব্যক্তি আমার কাছে এসে নিজেদের ‘বড় পীরের খাদেম’ পরিচয়ে সালাম দেন। তারা নানা কৌশলে টাকা দ্বিগুণ করার কথা বলেন। এক পর্যায়ে ‘ফুঁ’ দিয়ে অলৌকিক ক্ষমতার কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে নেন। বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। তবে তার কাছে টাকা পাওয়া যায়নি। প্রতারক তার অন্য সদস্যের কাছে টাকা দিয়ে দেয়। এসময় তার সঙ্গে থাকা অপর সহযোগী টাকা নিয়ে পালিয়ে যায়। প্রতারক হাবিব মিয়াকে জনতা আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ পারভেজ বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এম ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।