বাড়ির উঠানে পাওয়া গেলো ঋণগ্রস্ত যুবকের ঝুলন্ত মরদেহ
গাইবান্ধার সাঘাটায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আবু হানিফ (২৭) নামে এক যুবক। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আবু হানিফ ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুস ছালামের ছেলে।
নিহতের স্ত্রী আইরিন জানান, তার স্বামীর বেশ কিছুদিন ধরে আয় রোজগার না থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন। হঠাৎ সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন হানিফ ঘরে নেই। ঘরের দরজা খুলে আঙিনায় দেখতে পান আতা গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। পরে তার চিৎকারে বাড়ির লোকজন জড়ো হয়। পরে পুলিশ এসে গাছ থেকে মরদেহ উদ্ধার করে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ার আল শামীম/এফএ/জেআইএম