ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়া কেন ট্রাম্পের জন্য ‘বড় জয়’?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ ফাইল ছবি: এএফপি, গ্রাফিকস: জাগোনিউজ

বৈশ্বিক তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে হঠাৎ বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের মধ্যে আমিরাতের এমন সিদ্ধান্ত তেল অর্থনীতির জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে, ওপেকের এই শক্তিক্ষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি ‘বড় জয়’ হিসেবেই গণ্য হচ্ছে।

ট্রাম্পের জন্য এটি জয়ের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বেশকিছু বিষয় সামনে আনছেন। দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্প ওপেকের তীব্র সমালোচনা করে আসছেন। তার মতে, এই জোট কৃত্রিমভাবে তেলের দাম বাড়িয়ে ‘পুরো বিশ্বকে ঠকিয়ে’ যাচ্ছে।

আমিরাতের প্রস্থানে ওপেকের একাধিপত্য দুর্বল হবে, যা প্রকারান্তরে ট্রাম্পের দীর্ঘদিনের দাবিরই প্রতিফলন। এছাড়া ট্রাম্প শুরু থেকেই মধ্যপ্রাচ্যের সামরিক সহযোগিতাকে তেলের দামের সঙ্গে যুক্ত করে দেখেছিলেন।

আরও পড়ুন>>
ওপেক থেকে বেরিয়ে গেল আমিরাত

ইসরায়েল নয়, ইরানই ‘প্রধান শত্রু’: আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা
যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছিল ইসরায়েল

তার যুক্তি ছিল, মার্কিন সামরিক বাহিনী যেখানে উপসাগরীয় দেশগুলো সুরক্ষা দিচ্ছে, সেখানে তেলের চড়া দাম বজায় রেখে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এখন ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র আমিরাতের ওপেক ত্যাগ ট্রাম্পের সেই কঠোর অবস্থানেরই একটি কৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আমিরাতের এই প্রস্থানের পেছনে আঞ্চলিক অভিমান এবং নিরাপত্তাজনিত কারণও স্পষ্ট। যুদ্ধের সময়ে ইরানের একের পর এক হামলার মুখে আরব বিশ্বের দেশগুলো আমিরাতকে রক্ষায় যথেষ্ট সক্রিয় ভূমিকা রাখেনি বলে দেশটির অভিযোগ ছিল। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ সোমবার সরাসরি অভিযোগ করেন, উপসাগরীয় দেশগুলো (জিসিসি) রাজনৈতিক ও সামরিকভাবে তাদের দুর্বলতম অবস্থানে রয়েছে। আরব লীগ বা জিসিসির কাছ থেকে প্রত্যাশিত সহায়তা না পেয়ে আমিরাতের এই একক অবস্থান গ্রহণ ওপেকের ঐক্যকে ফাটলের মুখে ঠেলে দিয়েছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।