কুয়াকাটায় উত্তাল ঢেউয়ে পর্যটকদের মাতামাতি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে উল্লাসে মেতে উঠেছেন পর্যটকরা/ছবি-জাগো নিউজ

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই কুয়াকাটা সৈকতে উল্লাসে মেতে উঠেছেন পর্যটকরা। আকাশ মেঘাচ্ছন্ন, দমকা হাওয়া ও মাঝেমধ্যে মুষলধারে বৃষ্টি হলেও দর্শনার্থীদের উৎসাহে ভাটা পড়েনি।

সৈকতজুড়ে দেখা গেছে ভিন্ন চিত্র। কেউ ঢেউয়ের সঙ্গে খেলায় মগ্ন, কেউ হাঁটছেন সৈকতে। আবার তরুণদের অনেকেই ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত। প্রতিকূল আবহাওয়ায় পর্যটক সংখ্যা তুলনামূলক কম হলেও যারা এসেছেন, তারা এ ভিন্ন অভিজ্ঞতাকে উপভোগ করছেন।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা মাইকিং করে সতর্কবার্তা দিচ্ছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।

কুয়াকাটায় উত্তাল ঢেউয়ে পর্যটকদের মাতামাতি

ঢাকা থেকে আসা পর্যটক মিলন হোসেন জাগো নিউজকে বলেন, ‌‘আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরতে এসেছি। সত্যি বলতে আবহাওয়া খারাপ থাকলেও সমুদ্রের এই রূপটা একেবারেই আলাদা ও আকর্ষণীয়। কালো মেঘ, দমকা হাওয়া আর উত্তাল ঢেউ—সব মিলিয়ে এক ধরনের রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়েছে।’

খুলনা থেকে আসা রিজিয়া বলেন, ‘আমরা আগে থেকেই পরিকল্পনা করে এসেছি। আবহাওয়া খারাপ হলেও প্রোগ্রাম বাতিল করিনি। বরং এই সময়টায় কুয়াকাটার সৌন্দর্য অন্যরকম লাগে। ভিড় কম থাকায় খুব স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছি, ছবি তুলতে পারছি। বন্ধুদের সঙ্গে সময়টাও বেশ উপভোগ্য হচ্ছে।’

কুয়াকাটায় উত্তাল ঢেউয়ে পর্যটকদের মাতামাতি

মোংলা থেকে এসেছেন শামীম হোসেন। তিনি বলেন, ‘ঝোড়ো হাওয়া আর বড় বড় ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে সমুদ্র দেখার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। এই পরিবেশে এক ধরনের উত্তেজনা কাজ করে, যা সাধারণ সময়ে পাওয়া যায় না।’

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন রাজু বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকদের আগমন অব্যাহত রয়েছে। অনেকেই ভিন্ন অভিজ্ঞতার জন্য এমন সময় বেছে নেন। তবে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে রয়েছেন।

কুয়াকাটায় উত্তাল ঢেউয়ে পর্যটকদের মাতামাতি

পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি চলছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।

তিনি বলেন, বৈরী আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।