চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে রোগীদের খাদ্যের বরাদ্দ বাড়লো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৫ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চাহিদা অনুযায়ী খাবার সরবরাহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর আগে হাসপাতালটিতে ২৫০ জন রোগীর খাবার সরবরাহের চাহিদা থাকলেও এতদিন খাবার দেওয়া হচ্ছিল মাত্র ১০০ জন রোগীকে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে হাসপাতালের খাদ্য বরাদ্দ বাড়ানো হয়েছে। খাদ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১০০ শয্যার আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নীত করার পর রোগীর পথ্য সরবরাহ ও প্রশাসনিক অনুমোদনের জন্য ২০২২ সালের ১২ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় বিষয়টির কোনো অগ্রগতি হয়নি। পরে সবশেষে ২৫০ জন রোগীর জন্য খাদ্য বরাদ্দ অনুমোদন হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, ২০২২ সালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালটি রাজস্ব খাতে স্থায়ীভাবে পদ সৃজনের অনুমোদন পেলেও এখনো সব ক্ষেত্রে প্রয়োজনীয় জনবল পাওয়া যায়নি। ফলে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা নিতে ভিড় করছেন। এতসংখ্যক রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

এমনকি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে খাবারের বরাদ্দ ছিল মাত্র ১০০ জনের। বিভিন্ন দপ্তরে আবেদন করেও দীর্ঘদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে আমরা ২৫০ জন রোগীর খাবার সরবরাহের অনুমতি পেয়েছি এবং আজ সেই কার্যক্রমের উদ্বোধন করা হলো। এখন থেকে ২৫০ জন রোগী নিয়মিত খাবার পাবেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, হাসপাতালে রোগীরা অনেক দূর-দূরান্ত থেকে আসেন। কিন্তু ২০২০ সালের শুরুর দিকে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হলেও খাবার দেওয়া হতো মাত্র ১০০ জনকে। এতে রোগীরা ভোগান্তিতে পড়তেন। তবে আজ ২৫০ জন রোগীর খাবার সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে কিছুটা হলেও ভোগান্তি কমবে।

সোহান মাহমুদ/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।