পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া যুবদলের সেই নেতাকে বহিষ্কার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৫ মে ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশীশক্তি প্রদর্শন এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগে শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর করার সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স বলেন, পেশীশক্তি প্রদর্শন এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগে শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে সোমবার (৫ মে) রাত আড়াইটার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে রূপগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতারকৃত একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীমকে পুলিশের গাড়িরে থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার পর চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশের অভিযানের অংশ হিসেবে মাদক ও অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীমকে গ্রেফতার করা হয়। পরে শামীমের অনুসারীরা পুলিশের ওপর মব সৃষ্টি করে তকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শামীমের স্ত্রীসহ ১৩ জনকে আটক করে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নাজমুল হুদা/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।