স্কুলে ক্লাস চলাকালীন খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৬ মে ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় স্কুলে ক্লাস চলাকালীন সময় সিলিং ফ্যান খুলে পড়ে গুরুতর জখমসহ আহত হয়েছে ৫ শিক্ষার্থী। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে এই ঘটনা ঘটে।

আহতরা হলো- দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারা। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ক্লাসে থাকা সহকারী শিক্ষক সেলিনা আক্তার বলেন, ক্লাস চলাকালীন সময় হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটে। সিলিং ফ্যানটি খুলে পড়ার আগে শিশুদের সরিয়ে এনেছিলাম। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত।

স্কুলের প্রাক্তন ছাত্র মো. মশিউর রেজা সজীব বলেন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিদর্শনে এসেছিলাম। ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওপর থেকে সিলিং ফ্যানটি খুলে পড়ে। তবে ভাগ্য ভালো কারো মাথায় পড়েনি। তারপরও ৫ থেকে ৬ জন শিশু আহত হয়েছে।

স্কুলে ক্লাস চলাকালীন খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫

আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন, স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পরই এই ঘটনা ঘটে। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সে অল্পের জন্য রক্ষা পেয়েছে। বর্তমানে স্কুলের ভবনটির জরাজীর্ণ অবস্থা। এই স্কুলের জন্য জন্য একটি নতুন ভবন নির্মাণ করা খুবই জরুরি।

স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালীন সময় সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। আসলে অনেক দিন ধরেই স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ অবস্থার কারণেই এই ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবনের জন্য আবেদন করেছি।

নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি এই বিষয়ে খোঁজ নিয়ে দেখছি কী করা যায়।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।