দুপুরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ, সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৬ মে ২০২৬

দুপুরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ। বিকেলে স্বামীর বাড়ি থেকে বিয়ের উপঢৌকন ও আসবাবপত্র নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। পরে এসব আসবাবপত্র গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান ওই নারী।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নম্বর আদারভিটা ইউনিয়নের পলিশা গ্রামে এমনই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর মা, চাচি ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।

নিহত নারীর নাম সুমিনা (১৯)। তিনি ওই গ্রামের সুজা মিয়ার মেয়ে। সোমবার দুপুরে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী ৫ নম্বর জোরখালী ইউনিয়নের বারুইপাড়া গ্রামে সুমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। দীর্ঘ বিবাদের জেরে মঙ্গলবার তাদের মধ্যে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর বিকেলের দিকে স্বামীর বাড়ি থেকে বিয়ের উপঢৌকন ও আসবাবপত্র নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন সুমিনা।

বাড়িতে পৌঁছে সেসব আসবাবপত্র ঘরের ভেতর গোছাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত সুমিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে বাঁচাতে গিয়ে তার মা, চাচি এবং ভাইও আহত হন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় পরবর্তী আইনি কোনো পদক্ষেপ নেওয়ার থাকলে সেটি নেওয়া হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।