নিখোঁজ কিশোরীকে উদ্ধারে ঘুস দাবির অভিযোগ, এসআই প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৪ মে ২০২৬

জয়পুরহাটে নিখোঁজ কিশোরীকে উদ্ধারের নামে ঘুস গ্রহণের অভিযোগে উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বর্মনকে ক্ষেতলাল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচুপীর খন্দকারপাড়া গ্রামের মো. শাহজাহান খন্দকারের ১৩ বছর বয়সী মেয়ে ২০২৩ সালের ৭ এপ্রিল নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে তদন্তের দায়িত্ব পান এসআই সঞ্জয় কুমার বর্মন।

ভুক্তভোগী বাবা শাহজাহান খন্দকার অভিযোগ করেন, জিডির কয়েকদিন পর তদন্ত কর্মকর্তা তার মেয়েকে উদ্ধারের কথা বলে টাকা দাবি করেন। মেয়ের সন্ধানে মরিয়া হয়ে তিনি এসআই সঞ্জয় কুমার বর্মনকে ৩ হাজার টাকা দেন। তবে টাকা নেওয়ার পরও কিশোরীকে উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে থানা পুলিশের সহযোগিতা না পেয়ে ওই বছরের ৫ মে ভুক্তভোগী পরিবার আদালতে মামলা করেন। একইসঙ্গে ৭ মে পুলিশ সুপারের কাছে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে লিখিত আবেদন জানানো হয়।

অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে এসআই সঞ্জয় কুমার বর্মনকে ক্ষেতলাল থানা থেকে প্রত্যাহার করে জয়পুরহাট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন বলেন, এ বিষয়ে এসপি স্যারের কাছে একটি অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়েছে।

মাহফুজ রহমান/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।