নাটোরে বিপন্নপ্রায় মেছো বাঘকে পিটিয়ে হত্যা
নাটোরের বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছো বাঘকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। প্রাণীটিকে চারদিকে ঘেরাও করে বাঁশ ও অন্যান্য লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত এক হিংস্র প্রাণী এলাকার বিভিন্ন বাড়ির হাঁস, মুরগি ধরে নিয়ে যাচ্ছিলো। এছাড়া মাঠের বেশ কয়েকটি ছাগলের ওপর হামলা করে মাংস ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে গ্রামবাসী একত্র হয়ে এই প্রাণীটিকে খুঁজে পিটিয়ে হত্যা করে। মৃত ওই প্রাণীটিকে স্থানীয়রা গন্ধগোকুল বলে শনাক্ত করলেও স্থানীয় সাংবাদিকরা জানান, এটা বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী মেছো বাঘ।
পরে উপজেলা বন কর্মকর্তা সত্যেন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিহত এই প্রাণীটি মেছোবাঘ বলে নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এটাকে অনেকেই মেছো বিড়ালও বলে থাকে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছোবাঘ (যা মূলত মেছো বিড়াল) সাধারণত এই প্রাণী মানুষ খায় না বা মানুষকে আক্রমণ করে না। এরা মানুষ থেকে দূরে থাকতেই পছন্দ করে ও বিপদের আভাস পেলে পালিয়ে যায়। মেছোবাঘের খাদ্যাভ্যাসের তালিকার মধ্যে মাছ এদের প্রধান খাবার। এছাড়াও এরা ব্যাঙ, কাঁকড়া, শামুক, সাপ, পাখি এবং ইঁদুর জাতীয় প্রাণী শিকার করে। মানুষ ভুল করে এদের বড় বাঘ ভেবে ভয় পায় ও অকারণে মেরে ফেলে।
এরা জলাভূমির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটি একটি বিপন্ন বা সংকটাপন্ন প্রজাতির প্রাণী। এ ধরনের প্রাণী হত্যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ।
রেজাউল করিম রেজা/এমএন/এএসএম