নিজেদের থাকতে বিদেশি সম্পদ আমদানি নয়: জ্বালানি মন্ত্রী
জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি সম্পদ আমদানি করার ব্যবস্থা করেছিল। এতে বড়পুকুরিয়া কয়লাখনি, কয়লাভিক্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথরখনি জনকল্যাণে গুরুত্ব পায়নি। তিনি বলেন, নিজেদের সম্পদ থাকতে বিদেশি সম্পদ আমদানি নয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, এটি জনগণের সরকার। তাই দেশের জনগণের যে সম্পদ রয়েছে, সেই সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে। দেশে নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা বিদেশ থেকে জ্বালানি আমদানি করবো?’
বর্তমান সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, এজন্য সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও সম্মতি নিয়ে সরকার কাজ করছে।
এর আগে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথরখনির কর্মকর্তাদের সঙ্গে পৃথক সভা করেন মন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
সভা শেষে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চলমান কার্যক্রম বিষয়ে খোঁজখবর নেন।
এমদাদুল হক মিলন/এসআর/এমএস