ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মাঠেই প্রাণ গেলো ফাহাদের
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে মো. ফাহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহাদ মিয়া দক্ষিণপাড়ার ফারুকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। খেলার একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৈরী আবহাওয়া শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে সে। সহপাঠীদের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাহাদকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/এএসএম