যশোরে চড়ক পূজায় মানুষের ঢল
যশোরের মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মশিহাটি ডিগ্রি কলেজ মাঠে ধর্মদেউল পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার মূল আকর্ষণ হিসেবে পিঠে বড়শি বিঁধিয়ে শূন্যে ঘোরানো হয় দুই তরুণকে। পঞ্জিকা মতে প্রতিবছর ১ জ্যৈষ্ঠ এই চড়ক পূজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ মে) বিকালে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।
খোঁজ নিয়ে জানা যায়, ঐতিহ্যবাহী এ মেলায় হিন্দু অধ্যুষিত অভয়নগর, মণিরামপুর ও কেশবপুরসহ পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরা ও নড়াইলের বিভিন্ন উপজেলা থেকে মানুষজন ভিড় করেন। পূজা উপলক্ষ্যে মাঠে বসে বিশাল গ্রামীণ মেলা। সেখানে নাগরদোলা, চরকি, মুখরোচক খাবারসহ বিভিন্ন দোকানগুলো বসে। দিনভর উৎসব মুখর পরিবেশ বিরাজ করে।

সন্ধ্যার দিকে মেলায় মশিহাটি ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থী বিল্টু বিশ্বাস ও সম্প্রীতি বিশ্বাস নিজেদের পিঠে ধারালো বড়শি বিঁধিয়ে চড়কগাছের চারপাশে শূন্যে ঘুরে ধর্মীয় আচার পালন করেন। এসময় দর্শনার্থীরা ব্যাপক কৌতূহল নিয়ে বিস্ময়কর এ বিষয়টি উপভোগ করেন।
সরেজমিনে দেখা গেছে, পূজায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত সন্ন্যাসীদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিশেষ করে টাঙ্গাইল থেকে আগত সন্ন্যাসী দল নানাবিধ ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিবেশন করে ভক্তদের মুগ্ধ করে। চড়ক ও ধর্মদেউল পূজার ঐতিহ্যবাহী রীতি-নীতির মাধ্যমে অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়। এছাড়া সন্ন্যাসীদের বক্তব্যে ধর্মীয় সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সবুজ মণ্ডলের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, ধর্মীয়নেতা শ্যামল কান্তি সিংহ, মনোজিৎ বালা ও হেমান্ত বৈরাগী প্রমুখ।
মিলন রহমান/কেএইচকে/এমএস