যশোরে মাদক মামলায় কারবারির যাবজ্জীবন
যশোরের বাঘারপাড়ায় ৫০ বোতল ফেনসিডিলসহ আটক মাদক কারবারি সুরুজ মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৭ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফৌজিয়া হাফজা আসামির উপস্থিতিতে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি সেলিম রেজা ময়না।
সাজাপ্রাপ্ত সুরুজ মিয়া (৪৫) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের একেন আলীর ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা খাজুরা ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছিলেন। এ সময় যশোর থেকে আসা একটি লোকাল বাস সেখানে থামলে সুরুজ মিয়া একটি চটের বস্তা হাতে নিয়ে নেমে হেঁটে যেতে থাকেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে দাঁড়ানোর সংকেত দেয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং চটের বস্তা তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এই ঘটনায় ওই রাতেই খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মাসুদুর রহমান বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিরুল হক খান তদন্ত শেষে সুরুজ মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
মিলন রহমান/কেএইচকে/জেআইএম