সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, খবর শুনে মারা গেলো শিক্ষার্থী
নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় উম্মে কুলসুম নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মমতাজ বেগম নামের আরও এক শিক্ষিকা। এ ঘটনার খবর শুনে মারা গেছে তাসনিম আরা নামের এক শিক্ষার্থী।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত উম্মে কুলসুম ও আহত মমতাজ বেগম বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। উম্মে কুলসুমের বাড়ি বদলগাছী উপজেলার পুরাতন ব্রিজ এলাকায়। মমতাজ বেগমের বাড়ি গোরশাহী গ্রামে।
শিক্ষার্থী তাসনিম বদলগাছী জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরী মেয়ে। সে বদলগাছী লাবণ্য প্রভা বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বিদ্যালয় ছুটির পর বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহ করতে সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে মহাদেবপুরে যাচ্ছিলেন উম্মে কুলসুম ও মমতাজ বেগম। পথে বদলগাছী-মাতাজি সড়কের চাকড়াইল বটতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন। আহত মমতাজ বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার খবর বিদ্যালয়ে পৌঁছালে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামীম ইয়াসার বলেন, ‘উম্মে কুলসুমকে দুপুর ১টা ২০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনার সময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থী তাসনিম আরাকে হাসপাতালে নেওয়া হয় দুপুর ১টা ৫০ মিনিটের দিকে। ধারণা করা হচ্ছে, আকস্মিক তীব্র মানসিক ধাক্কায় মস্তিকের রক্ত চলাচল ব্যাহত হওয়ায় বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’
লাবণ্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষিকা উম্মে কুলসুম ও অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম আরার মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।’
বদলগাছী থানার পরিদর্শক (ওসি) রুহুল আমীন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরমান হোসেন রুমন/এসআর/এএসএম