চান্দিনায় ছাত্রীদের বিক্ষোভে হামলা : আহত ২০
কুমিল্লার চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের উপর স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশ যৌথ হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ ছাত্রী আহত হয়েছে।
রোববার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের চান্দিনা উপজেলা সদরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে জেলা প্রশাসক কলেজের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। এছাড়া তিনি আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক।
জানা যায়, দেশের ১৯৯টি কলেজ জাতীয়করণের তালিকায় উপজেলা সদরের চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের নাম অর্ন্তভুক্ত হওয়ার পর ওই কলেজের নাম পরিবর্তন করে উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরবর্তী দোল্লাই নোয়াবপুর কলেজের নাম নির্ধারণ করে। এই ক্ষোভে মহিলা কলেজের নাম জাতীয়করণের তালিকায় পুনর্বহালের দাবিতে ছাত্রীরা গত ৬ দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরের দিকে ছাত্রীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাচ্ছিল। এ সময় স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রীদের ওপর হামলা চালায়। এর সঙ্গে যোগ দেয় পুলিশ। ছাত্রীদের উপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। এ সময় ছাত্রলীগ কর্মীরা ছাত্রীদের লাঞ্ছিত করে।
হামলায় সাফিয়া আক্তার, তন্নী, সুমি, সাথী, রোকেয়া আক্তার, মনিরা, মাহমুদা, তানজিনা, তাহমিনা, শারিকা, কলি, শারমিন, হাজেরা, মুক্তা, অর্পিতা, জেরিন, শরীফা, নূসরাত, আসমা, আম্বিয়া, আয়েশাসহ অন্তত ২০ জন ছাত্রী আহত হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত মনিরা, শরীফা, সাথি ও মাহমুদা নামে তিন ছাত্রীকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দিনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় ছাত্রীদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে গিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। তবে ছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার বিষয়টি তিনি জানেন না বলে এড়িয়ে যান।
কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ জানান, কুমিল্লা থেকে অতিরিক্ত জেলা প্রশাসক কলেজে এসে শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে কথা বলেছেন। ছাত্রীরা তাদের উপর হামলার বিষয়টিও জেলা প্রশাসককে জানিয়েছেন। তিনি সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান অধ্যক্ষ।
মো: কামাল উদ্দিন/এএম/এবিএস