একাধিকবার তেল কিনছেন ক্রেতারা, আছে ‘প্যানিক বায়িং’
দেশজুড়ে জ্বালানি খাতে চলা অস্থিরতার মধ্যে ক্রেতাদের একাধিকবার তেল কেনা ও ‘প্যানিক বায়িং’সহ নানান বিষয় উঠে এসেছে। শনিবার (২৮ মার্চ) রাজধানীর আসাদগেট থেকে গাবতলী পর্যন্ত মোট সাতটি ফিলিং স্টেশন পরিদর্শন করে এসব তথ্য পেয়েছে জ্বালানি বিভাগ।
সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ আসাদগেট থেকে গাবতলী পর্যন্ত কিছু ফিলিং স্টেশন মনিটর করে নিম্নরূপ বিষয় পরিলক্ষিত হয়।
সোনার বাংলা সার্ভিস স্টেশন (যমুনার ডিলার)
আজ ২২ হাজার ৫০০ লিটার অকটেন পেয়েছে। আগে অকটেন প্রতিদিনের চাহিদা বা বিক্রি হতো ২৯ হাজার থেকে ৩২ হাজার লিটার। কিন্তু এখন ৫০ হাজার লিটার চাহিদা প্রতিদিন। ধারণা করা হচ্ছে ক্রেতারা প্যানিকড (আতঙ্কিত)। তাই প্রয়োজনের অতিরিক্ত তেল নিচ্ছেন।
মেসার্স সাহিল ফিলিং স্টেশন (যমুনার ডিলার)
অকটেন-ডিজেল ৪ হাজার ৫০০ লিটার করে পেয়েছে গতকাল রাতে। আজ ভোর ৬টা থেকে ১ হাজার ৩০ লিটার বিক্রি করেছে।
সোহরাব সার্ভিস স্টেশন লিমিটেড (যমুনার ডিলার)
৪ হাজার ৫০০ লিটার করে অকটেন ও ডিজেল পেয়েছে। বর্তমানে অকটেন চাহিদা পাঁচগুণ বেশি। পরিস্থিতি বা মজুত স্বাভাবিক।

খালেক সার্ভিস স্টেশন (পদ্মার ডিলার)
২০২৫ সালে প্রতিদিন অকটেনের চাহিদা ছিল ১০ হাজার/১২ হাজার লিটার, বর্তমানে ২০২৬ সালে তা ২৫ হাজার লিটার। আজ ৯ হাজার লিটার অকটেন লিটার ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল পেয়েছে, যা দিয়ে সকাল থেকে সন্ধ্যা বিক্রি চলবে। কিন্তু তাদের বক্তব্য, চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না। এখানে রেশনিং করে তেল দিচ্ছে।
মোহনা ফিলিং স্টেশন (যমুনার ডিলার)
এখানে অকটেনের চাহিদা কম। ৪ হাজার ৫০০ লিটার করে অকটেন ও ডিজেল গ্রহণ করেছে ২৫ মার্চ। আজ পেয়েছে ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল। আগের চেয়ে তেলের চাহিদা তিনগুণ বেশি। এখানে পাম্প মালিক ও কর্মচারীরা ক্রেতাদের অস্বাভাবিক চাহিদার কারণ হিসেবে ক্রেতাদের অতিরিক্ত তেল মজুত এবং বাইকাররা অনৈতিকভাবে তেল সংগ্রহ করছে বলে ধারণা করেন।
শাহ্ নাজ ফিলিং স্টেশন (যমুনার ডিলার)
বৃহস্পতিবার পেয়েছিল ৪ হাজার ৫০০ লিটার ডিজেল, এখন আছে ৯ হাজার লিটার। এখানে মালিকপক্ষ জানান, ডিজেল নিয়ে কোনো সংকট নেই।
এস পি ফিলিং স্টেশন (পদ্মা)
অকটেন পেয়েছে ৪ হাজার ৫০০ লিটার। ডিজেল সন্তোষজনক।
মন্ত্রণালয় আরও জানায়, তাদের পর্যবেক্ষণে ঢাকা শহরে ডিজেলের সংকট পরিলক্ষিত হয়নি। অকটেনের রিপিটেড কাস্টমার বিশেষ করে বাইকারদের রিপিটেডলি তেল গ্রহণের কথা জানান ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা।
এনএস/ইএ