কালিয়াকৈরে তরুণীকে শ্বাসরোধে হত্যা
গাজীপুরের কালিয়াকৈরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে এক তরুণীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পশ্চিমপাড়া এলাকা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৬ বছর। তার পরনে আকাশি রংয়ের সেলোয়ার, আকাশি-গোলাপী রয়ের কামিজ ও উপরে আকাশী রংয়ের শার্ট ও সাদা ওড়না ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর-নবীনগর সড়কের চান্দরা পশ্চিমপাড়া হাজীবাড়ির পাশে রোববার রাতে কে বা কারা এক তরুণীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসী মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ধারণা করছে, ওই তরুণীকে অন্য কোথাও দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে ওই স্থানে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে সড়ক থেকে মরদেহটি পাশে সরিয়ে রাখে। তার গলায় ওড়না পেঁচানো এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/এবিএস