পায়ুপথে বাতাস দিয়ে শিশু হত্যার ঘটনায় মামলা : গ্রেফতার ১


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ২৫ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জের জোবায়দা টেক্সটাইল মিলের শিশুশ্রমিক সাগর বর্মণ হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার সকালে নিহত শিশুর বাবা রতন বর্মণ রূপগঞ্জ থানায় এ মামলা করেন।

নাম উল্লেখ করা ওই চারজন হলেন- স্পিনিং মিলের জুনিয়র কর্মকর্তা নাজমুল হাসান, হারুন রশিদ, রাশিদুল ইসলাম ও আজাহার। এদিকে, নাজমুল হাসানকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। অন্যরা পলাতক রয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মামলা ও একজন গ্রেফতারের সত্যতা স্বীকার করেছে।

প্রসঙ্গত, রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় জোবায়দা টেক্সটাইল মিলে সাগর বর্মণ (১০) ও তার বাবা রতন বর্মণ চাকরি করতেন। সাগর বর্মণ ওই মিলের সুতা সেকশনে কাজ করতো। রোববার দুপুরে কাজে অনিয়মের অভিযোগে কারখানার কর্তৃপক্ষ তার পায়ুপথে বাতাস ঢুকালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

শাহাদাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।