গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে পাঁচজনকে জরিমানা


প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৬ জুলাই ২০১৬

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় পাঁচজনকে ১১ লাখ ৭ হাজার ৪৮৩ টাকা জরিমানা করেছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া, আমবাগ ও দেওলিয়াবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজ হোসেন।
 
গাজীপুর পল্লী বিদ্যুতের কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম (টেকনিক্যাল) মো. মুখলেছুর রহমান জানান, কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে সিটি করপোরেশনের বাঘিয়া এলাকার তাইজ উদ্দিনের ছেলে আব্দুল সালাম সরকারকে ৭৩ হাজার ৬১৭ টাকা, আমবাগ এলাকার হযরত আলীর ছেলে মনির হোসেনকে ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ টাকা, দেওলিয়াবাড়ি এলাকার খাদেম আলীর ছেলে মো. মামুন হোসেনকে ১ লাখ ৯৪ হাজার ৩৩৫ টাকা, একই এলাকার সাইদ আলীর দুই ছেলে রমিজ ও মনির হোসেনকে ৪ লাখ ৮১ হাজার ৪০ টাকা এবং একই এলাকার রমিজ মুন্সির ছেলে সাদেক আলীকে ৫৮ হাজার ৫২৭ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরের ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ, গাজীপুর পল্লী বিদ্যুতের কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম (টেকনিক্যাল) মো. মুখলেছুর রহমান, এজিএম মো. জুনায়েদ হোসেন ও এজিএম মো. নূরুল ইসলাম প্রমুখ।

মোঃ আমিনুল ইসলাম/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।