জামিন পেলেন যশোরের কথিত জঙ্গি মুন্না


প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৭ জুলাই ২০১৬

যশোরে কথিত জঙ্গি কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না (২৪) জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম তাকে জামিন দেন। মুন্নার পক্ষের আইনজীবী এমএ গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুন্না মুক্তি পান।

তিনি যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আবদুস সোবহানের ছেলে। এর আগে দুদিন হেফাজতে রাখার পর মঙ্গলবার বিকেলে পুলিশ ১৫১ ধারায় তাকে আদালতে সোপর্দ করে।

গত সোমবার ভোরে নববধূকে নিয়ে বাড়ি ফিরে বেলা ১১টার দিকে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে নিয়ে কোতোয়ালি থানায় যান মুন্না। ২০১৪ সালের জুলাই মাসে মায়ের ওপর অভিমান করে মুন্না ঢাকায় চলে যান। ঢাকায় চলে যাওয়ার পর দুই বছরের মধ্যে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি।

মঙ্গলবার মুন্নাকে ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। বুধবার সকালে তার তদন্ত প্রতিবেদন আদালতে যায়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে জামিন দেন।

আইনজীবী এমএ গফুর বলেন, মুন্নার বিরুদ্ধে জঙ্গি তৎপতার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছেন।

মুন্নার বাবা আব্দুস সোবহান বলেন, জামিন পেয়ে আমরা খুব খুশি। তার ছেলে জঙ্গি না। এটা বারবার বলা হয়েছিল। পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করে কোনো প্রমাণ করতে পারেনি। তার ছেলে অভিমান করে বাড়ি ছেড়েছিল। আর এর জন্য সাংবাদিকসহ সকলের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিলন রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।