কুমিল্লায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে এমপিসহ আহত অর্ধশতাধিক


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৭ জুলাই ২০১৬

কুমিল্লার লাকসামে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিএনপি দলীয় সাবেক এমপি আনোয়ারুল আজিমসহ উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের লাকসাম ও কুমিল্লা নগরীর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

এছাড়া ইটপাটকেলের আঘাতে থানার ওসিসহ কমপক্ষে তিন পুলিশ আহত হয়েছেন। এসময় বিএনপির দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুরসহ সাবেক এমপির গাড়ি, ১৫টি মোটরসাইকেল ভাঙচুর ও বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়া হয়।

বুধবার বিকেলে জেলার লাকসাম উপজেলা সদরে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উভয় গ্রুপে চরম উত্তেজনা বিরাজ করছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতের দেয়া রায় এবং লাকসামের বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু গুমের প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেন, ওই সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও আহতের ঘটনা ঘটায় এবং নেতাকর্মীদের ১৪/১৫টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং কয়েকটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।

Comilla-Pic

হামলায় দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি সাবেক এমপি আনোয়ারুল আজিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ রায়হান, যুগ্ম সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম খোকন, বিএনপি নেতা মো. ইয়াছিন, আনোয়ার হোসেনসহ কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

সাবেক এমপি আনোয়ারুল আজিম জানান, আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অতর্কিত হামলার সময় গুলিতে আহত দুজনকে কুমিল্লায় পাঠানো হয়েছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করেন, তারা জঙ্গিবিরোধী মিছিল নিয়ে বের হলে বিএনপি ও তাদের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে এ ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ নেতা শিহাব খানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন আহত হন।

পুলিশ জানায়, হামলার সময় ইটপাটকেলের আঘাতে লাকসাম থানা পুলিশের ওসি মনোয়ার হোসেন চৌধুরীসহ কমপক্ষে তিন পুলিশ সদস্য আহত হন।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর-এ-সার্কেল) ইমতিয়াজ মাহবুব জানান, আমি ঘটনাস্থলে আছি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।