বেনাপোল কাস্টমসের সেই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
স্বর্ণ, ডলার এবং বৈদেশিক মুদ্রা পাচারে সহযোগিতা ও পাচারকারীকে ছেড়ে দেয়ার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের চেকপোস্টে কর্মরত রাজস্ব কর্মকর্তা উত্তম কুমার সমাদ্দারকে অবশেষে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার সকাল ১০ টার দিকে তাকে বরখাস্ত করা হয়। তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের ডেপুটি কমিশনার মারুফুর রহমান।
কাস্টমস সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ১৫ লাখ টাকা, ১৪ জুলাই ৮৫ লাখ টাকা ও ১৬ জুলাই ৪ লাখ ৭ হাজার টাকা পাচারেরর সঙ্গে জড়িত এবং এক আসামিকে পালিয়ে যাওয়ার সহায়তায় করায় তাকে বরখাস্ত করা হয়।
জানা যায়, গত ৯ মাস আগে উত্তম কুমার সমাদ্দার বেনাপোল চেকপোস্টে থাকাকালীন কয়েকবার এপথে স্বর্ণ, ডলার পাচার হয়ে ভারত সীমান্তে বিএসএফ এবং কাস্টমসের হাতে ধরা পড়ায় তার নাম উঠে আসে। এরপর তাকে চেকপোস্ট থেকে বদলি করে নিয়ে যাওয়া হয় কাস্টমস হাউজে। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ উঠলে বেনাপোল কাস্টমস হাউজের উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে এ সত্যতা পাওয়ার পর তাকে আবার চেকপোস্টে বদলি করা হয়। এখানে এক পাচারকারীকে ছেড়ে দেয়ার অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত হয়। তদন্তে প্রমাণ মিললে তাকে বরখাস্ত করা হয়।
মো. জামাল হোসেন/এএম/এবিএস