কুমিল্লায় ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৮ জুলাই ২০১৬

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ঢাকাস্থ বনানী শাখার সাইফুল ইসলাম সাগর নামে এক কর্মকর্তার মরদেহ কুমিল্লায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর হাউজিং এস্টেট সংলগ্ন বারপাড়া এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটে অধ্যয়নরত শারমিন আক্তার নামে এক ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জানা যায়, নগরীর হাউজিং এস্টেট সংলগ্ন বারপাড়া এলাকার মোসলেহ উদ্দিনের দারুস সালাম নামে পঞ্চম তলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে প্রায় ৬ মাস আগে ভাড়া নেয় কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের ছাত্রী নরসিংদীর বেলাবো থানার টানলক্ষ্মীপুর গ্রামের গোলাপ মিয়ার মেয়ে শারমিন আক্তার (২১)।

পিরোজপুর সদরের দক্ষিণ টোনা গ্রামের আবুল কালামের ছেলে ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ঢাকাস্থ বনানী শাখার কর্মকর্তা সাইফুল ইসলাম সাগর (২৫) প্রেমের সূত্র ধরে শারমিনের বাসায় আসা-যাওয়া করতেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সফিউদ্দিন ওই ছাত্রীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।

খবর পেয়ে নিহতের চাচা ও আল আরাফাহ ইসলামী ব্যাংক ঢাকার দিলকুশা শাখার কর্মকর্তা আবদুস সালাম কুমিল্লায় ছুটে আসেন। তিনি জানান, মৃত্যুর আগে সাইফুল তার বাবা আবুল কালামের কাছে ফোন করে জানিয়েছিল- আমি বিপদে আছি, চাচাকে পাঠিয়ে আমাকে নিয়ে যান।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, প্রেমের সম্পর্কের কারণে সাইফুল মাঝে-মধ্যে ওই মেয়ের বাসায় আসতো। বুধবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

বৃহস্পতিবার ওই বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।